জাতীয়

ছুটির দিনে মহাখালীতে ঢাকামুখী যাত্রীদের ভিড়

মহান স্বাধীনতা দিবসের ছুটির দিনে রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষরা। পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে আপনজনদের সঙ্গে সময় কাটিয়ে আবার কর্মস্থলে ফিরছেন তারা। এতে ধীরে ধীরে পুরনো কর্মচাঞ্চল্য ফিরছে রাজধানীতে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ঢাকামুখী যাত্রীদের পরিমাণ বাড়ছে। দূরপাল্লার বাসগুলো একের পর এক টার্মিনালে প্রবেশ করছে, আর সেখান থেকে নেমে ব্যাগ-লাগেজ নিয়ে গন্তব্যে ছুটছেন যাত্রীরা।

কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় তুলনামূলক কম হলেও বাস থেকে নামা যাত্রীদের উপস্থিতিতে পুরো টার্মিনাল এলাকা সরগরম হয়ে উঠেছে।

বাস টার্মিনাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকেই বাসে করে ঢাকায় ফিরছেন হাজার হাজার যাত্রী। 

অন্যদিকে, ঈদের ছুটিতে যারা ঢাকা ছাড়তে পারেননি, তারা এখন ঢাকা ছাড়ছেন। তারাও ভিড় জমাচ্ছেন মহাখালী বাস টার্মিনালে।

ঢাকায় ফেরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ফিরতি যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক ছিল। ঈদের আগের ভিড়, যানজট ও টিকিট সংকটের মতো ভোগান্তি এবার তেমন একটা পোহাতে হয়নি। সড়কে যানবাহনের চাপ সহনীয় থাকায় নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছাতে পেরেছেন তারা।

মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টার ইনচার্জ মো. সজিব বলেন, “এখন ঢাকায় ফেরার চাপ অনেক বেশি। আরো কয়েকদিন এ চাপ থাকতে পারে।”

সকালে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থেকে ঢাকায় ফেরা ইকরা মনি ট্রাভেলসের সুপারভাইজার বলেন, “ঈদ শেষে যাত্রীরা এখন ঢাকায় ফিরছেন। কয়েক দিন ঢাকায় ফেরার চাপ একটু বেশি থাকবে।”

সব মিলিয়ে ঈদের আনন্দ শেষে আবারও কর্মমুখর হয়ে উঠছে রাজধানী। প্রিয়জনদের স্মৃতি বুকে নিয়ে নতুন উদ্যমে কাজে ফিরছেন কর্মজীবীরা।