জাতীয়

স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ

ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। দেশের দক্ষিণাঞ্চলের থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চে রাজধানী ঢাকামুখী যাত্রীদের চাপ থাকলেও, অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় সদরঘাটে প্রশাসনের তদারকি ফলে শৃঙ্খলার ছাপ দেখা গেছে।

সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ বাড়লেও বড় ধরনের কোনো ভোগান্তি বা বিশৃঙ্খলা দেখা যায়নি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, দেশের দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো একে একে ঘাটে ফিরছে। ঈদ ফিরতি যাত্রায় আজ গত কয়েক দিনের তুলনায় সদরঘাটে যাত্রীদের চাপ বেড়েছে।

বরিশাল থেকে আগত সুরভী-৭ লঞ্চের যাত্রী মেহেদী হাসান শাওন রাইজিংবিডি ডটকমকে বলেন, “এবারের ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক ছিল। কোন ধরনের ঝক্কির ঝামেলা ছাড়া বাড়িতে যেতে পেরেছি এবং ঢাকায় আসতে পেরেছি।”

পটুয়াখালী থেকে আগত এমভি ঈগল লঞ্চে যাত্রী মামুন হোসেন রাইজিংবিডি ডটকমকে বলেন, “লঞ্চে সিট পেয়েছি তবে মানুষের চাপ ছিল। আমরা শান্তিতে আসতে পেরেছি। তবে আজ আকাশের অবস্থা ভালো ছিল না নদীতে বাতাস ছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এই সময় এসে লঞ্চ ভ্রমণ অনেকটা বিপজ্জনক। তবে আমাদের উপায় নেই, কারণ আমরা কম ভাড়ায় ঢাকায় আসতে লঞ্চই ব্যবহার করে থাকি। এবার সদরঘাটে প্রশাসনের তদারকি অনেক ভালো ছিল।”

ভোলা থেকে আগত কর্ণফুলী-৮ লঞ্চে যাত্রী তানজিলা আক্তার রাইজিংবিডি ডটকমকে বলেন, “সব মিলিয়ে বলতে গেলে এবারের ঈদযাত্রা অন্যান্য বারের তুলনায় কিছুটা ভালো ছিল। মানে বাড়তি কোনো ভাড়া দিতে হয়নি।”

ঈদ ফিরতিযাত্রা সম্পর্কে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, “গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে। তবে আরো তিন দিন ছুটি পাওয়ায় মানুষ আস্তে আস্তে আসছে। যাত্রীদের সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য আমাদের টিম কাজ করছে।”