২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ চেয়েছেন তার স্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। জাতীয় সংসদে অধিবেশনে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট জবাব দাবি করেন।
সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে গুম ও নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাহসিনা রুশদীর লুনা।
তিনি বলেন, “ইলিয়াস আলী ও সুমন পারভেজসহ নিখোঁজদের পরিবারের সদস্যরা আজও জানতে পারছেন না, তাদের প্রিয়জনদের অবস্থান ও পরিণতি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো তথ্য না পাওয়ায় পরিবারগুলো গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।”
তাহসিনা রুশদীর লুনা আরো বলেন, “গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর আর্থিক ও সামাজিক সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।” একইসঙ্গে নিখোঁজদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ারও দাবি জানান তিনি।
বিএনপি দলীয় এই সংসদ সদস্য বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশে গুম-খুনের অবসান ঘটবে এবং একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।”