দেশীয় ঐতিহ্যবাহী রেশম শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
তিনি বলেন, “রেশম খাতকে আধুনিকায়ন ও সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এ খাত দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কারণ এখানে কর্মরতদের বড় অংশই গ্রামীণ দুস্থ নারী।”
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জাপানভিত্তিক প্রতিষ্ঠান অনোডা ইনক এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, রেশম খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় জোরদার করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, “রেশম শিল্পে নিয়োজিত দরিদ্র নারীদের ‘ফ্যামিলি কার্ড’ সুবিধার আওতায় আনার বিষয়ে সরকার কাজ করছে। পাশাপাশি এ খাতের বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি উল্লেখ করেন, “রেশম শিল্পের বিকাশে ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অধ্যাদেশে ‘বাংলাদেশ রেশম বোর্ড’ গঠিত হয়। বর্তমানে দেশের ৩২ জেলার ৫২ উপজেলায় এ বোর্ডের কার্যক্রম পরিচালিত হচ্ছে। উন্নত মানের রেশম সুতার উৎপাদনে গবেষণা ও আধুনিক প্রযুক্তির প্রয়োজন রয়েছে।”