জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার 

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

মন্ত্রী বলেন, ‘‘কোন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক বা মিথ্যা মামলা দায়ের হয়েছে, তার সরকারি পরিসংখ্যান সংরক্ষণ করা হয় না। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০০৭ সালের পর থেকে ১১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা দায়ের করা হয়।’’

তিনি আরও জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৫ মার্চ রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের সুপারিশের জন্য জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়। এসব কমিটি মামলার নথি, এজাহার, চার্জশিট এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে। এর ভিত্তিতে ৮ মার্চ ২০২৬ তারিখে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

মন্ত্রী আরও বলেন, ‘‘এ পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে। যেসব মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।’’