জাতীয়

রাজধানীতে বৃষ্টি

সারা দিন ভ্যাপসা গরম আর প্রখর রোদ শেষে ঢাকায় ঢাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে  রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। এর কিছুক্ষণ‌ পর হয় শুরু বজ্রসহ শিলাবৃষ্টি। সারা দিন ভ্যাপসা গরমের পর বৃষ্টি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ।

রাজধানীর ধানমন্ডির এক নম্বর সড়কে বৃষ্টিতে ভেজার থেকে বাঁচার জন্য একটি দোকানের সামনে ছাউনির নিচে দাঁড়িয়ে ছিলেন সিটি কলেজ শিক্ষক নাভিদ হাসান সাকিব। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “এই বৃষ্টি প্রয়োজন ছিল। আজ সারা দিন তীব্র রোদে তাপমাত্রা বেড়ে ছিল, বৃষ্টির ফলে এখন কিছুটা ঠান্ডা লাগবে।”

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির হতে পারে। সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। একইসঙ্গে আগামী কয়েক দিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধির পূর্বাভাস থাকলেও সপ্তাহের শেষ দিকে তা আবার কমে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।