জাতীয়

থার্ড টার্মিনাল পরিচালনা: জাপানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল জাপানের প্রতিনিধিদলের সঙ্গে এ দ্বিপাক্ষিক বৈঠকে বসে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা), পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার নাকায়ামা রিইকো।

এর আগে গত ১৩ মার্চে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠক শেষে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা জানান, দেশের স্বার্থ ঠিক রেখে সরকার আলোচনার মধ্যে দিয়ে জাপান কনসোর্টিয়ামকে তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায়।

মন্ত্রী বলেন, “চলতি বছরের মধ্যেই তৃতীয় টার্মিনাল চালু হবে। ওপেন টেন্ডারের প্রয়োজন নেই। তবে আরো আলোচনার পরই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দুইপক্ষের আলোচনা আরো চলবে।”