দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রবিবার (৫ এপ্রিল) সকালে ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগামী রবিবার থেকেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে এটি পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে।”
তিনি আরো বলেন, “৩ মে থেকে বাকি এলাকাগুলোতেও ধাপে ধাপে টিকা দেওয়া হবে, যাতে কোনো শিশুই ঝুঁকিতে না থাকে।”
হামের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, “দেশে যে হারে সংক্রমণ বাড়ছে, তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যা করোনার মহামারির তুলনায়ও কম উদ্বেগজনক নয়।”
এদিকে আজ থেকে ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বছর বয়সী শিশুদের হাম প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে।
ঢাকা/এমএসবি/ইভা