প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দ।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রোটেস্ট্যান্ট চার্চের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ইস্টার সানডের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের উৎসবের শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিজ নিজ উৎসব পালন করেন। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের মানুষের অবদান অনস্বীকার্য।”
তিনি আরো বলেন, “ইস্টার সানডে শান্তি, মৈত্রী ও মানবতার বার্তা নিয়ে আসে। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান সরকার সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করেন। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রোটেস্ট্যান্ট চার্চের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।