জাতীয়

‘সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত ১৩ ও স্বতন্ত্র ১টি আসন পাচ্ছে’

ত্রয়োদশ জাতীয় সংসদের আসনভিত্তিক ফলাফল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীরা ১টি আসন পাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনরে(ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার(৬ এপ্রিল) আগারগাঁও নির্বাচন ভবনে ইসির কমিশন সভা তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ মে।”

এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের কাছে চিঠি পাঠায় ইসি। সেখানে দলগুলোকে জোটগতভাবে নির্বাচন করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে হয়। 

ইসি সূত্র জানায়, বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোট আগের মতোই একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, সংসদে নির্বাচিত সাতজন স্বতন্ত্র সদস্যের মধ্যে ছয়জন একটি পৃথক জোট গঠন করেছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ কোনো জোটে যোগ দেননি। আইন অনুযায়ী, তারা ব্যক্তিগতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সংরক্ষিত মহিলা আসন আইন, ২০০৪ অনুযায়ী, সংসদের সাধারণ আসনের আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।