বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে সরকারের অভিযান জোরদার করা হয়েছে। গত ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। সবচেয়ে বেশি রয়েছে ডিজেল ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া, অকটেনের মজুত রয়েছে ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল রয়েছে ১৬ হাজার টন।
তিনি বলেন, “এপ্রিল মাসে আরো জ্বালানি তেল আমদানির প্রক্রিয়া চলমান। ফলে সরবরাহে কোনো ঘাটতির আশঙ্কা নেই।”
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, “গত মাসে সরকার দাম সমন্বয় করে কোনো বৃদ্ধি করেনি। তবে মে মাসের জন্য মূল্য নির্ধারণের কাজ চলছে। প্রয়োজন হলে মন্ত্রিসভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”