জাতীয়

দেশে ২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী

দেশের এখনো ২ হাজার ৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “দেশের প্রতিটি গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়নি। বর্তমানে ২ হাজার ৮৪৭টি গ্রাম বিদ্যালয়বিহীন অবস্থায় রয়েছে।”

বিভাগভিত্তিক চিত্র: মন্ত্রী সংসদে বিভাগভিত্তিক যে পরিসংখ্যান তুলে ধরেন, তাতে দেখা যায়- চট্টগ্রাম বিভাগের ৮১৮টি গ্রাম, ঢাকা বিভাগের ৭১৭টি গ্রাম, রাজশাহী বিভাগের ৩৫৫টি গ্রাম, খুলনা বিভাগের ৩৪৯টি গ্রাম, ময়মনসিংহ বিভাগের ২৬৬টি গ্রাম, সিলেট বিভাগের ২৬০টি গ্রাম, বরিশাল বিভাগের ৪৫টি গ্রাম, রংপুর বিভাগের ৩৭টি গ্রাম প্রাথমিক বিদ্যালয়বিহীন অবস্থায় রয়েছে। 

ভবিষ্যৎ পরিকল্পনা বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে নতুন স্কুল স্থাপনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “ভবিষ্যতে যেখানে প্রয়োজনীয়তা প্রমাণিত হবে এবং প্রস্তাব পাওয়া যাবে, সেখানে শর্ত সাপেক্ষে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনে সরকার উদ্যোগ নেবে।”