জাতীয়

সেনাবাহিনীর কর্মকর্তাদের ভুয়া পরিচয়ে স‌ক্রিয় প্রতারক চক্র, সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ সেনাবাহিনী ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে প্রতারণার চেষ্টা চালাচ্ছে প্রতা‌রকচক্র।

এ ধরনের কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সঙ্গে সঙ্গে তার মোবাইল নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকতে এবং অচেনা নম্বর থেকে আসা সন্দেহজনক যোগাযোগে সাড়া না দিতে বলা হয়েছে।

বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তার পরিচয় ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। তারা কথিত পরিচয় ব্যবহার করে নানা ধরনের চাপ সৃষ্টি করে অর্থ বা ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা করছে।

প্রতারক চক্রটি সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে সেগুলো হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে। এর মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে কখনোই এ ধরনের যোগাযোগ করা হয় না। যদি কেউ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয়ভীতি দেখায় বা কোনো সুবিধা দাবি করে, তবে সেটি সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক হিসেবে গণ্য করতে হবে।

এ ধরনের কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সঙ্গে সঙ্গে তার মোবাইল নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকতে এবং অচেনা নম্বর থেকে আসা সন্দেহজনক যোগাযোগে সাড়া না দিতে বলা হয়েছে।

আইএসপিআর আরো জানায়, প্রতারক চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এ ধরনের প্রতারণা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।