জাতীয়

নাগরিক সেবার অঙ্গীকার নিয়েই নতুন বছর শুরু করছে সিটি কর্পোরেশন: প্রশাসক 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, “নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা এবং জনস্বাস্থ্য রক্ষায় অঙ্গীকার নিয়েই নতুন বছর শুরু করছে সিটি কর্পোরেশন।”

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর ঐতিহাসিক আহসান মঞ্জিল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে এ বর্ণাঢ্য আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। 

উৎসবমুখর পরিবেশ আর বর্ণিল আয়োজনে সকাল থেকেই ঐতিহ্যবাহী এই স্থানে জড়ো হন নানা শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, “নতুন প্রজন্মের কাছে ঢাকা শহরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন।”

তিনি বলেন, “আমাদের ইতিহাসের শিকড়ের সঙ্গে বর্তমান প্রজন্মের সংযোগ স্থাপন করতে পারলেই বাঙালি সংস্কৃতি আরো সমৃদ্ধ হবে।”

নগরবাসীর প্রতি সেবার মানসিকতা জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সিটি কর্পোরেশনের কাজ ২৪ ঘণ্টার সেবাভিত্তিক। জনগণের প্রত্যাশা পূরণে কর্মকর্তা-কর্মচারীদের মাঠপর্যায়ে সব সময় সক্রিয় থাকতে হবে।”

প্রশাসক আরো বলেন, “পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গড়তে ডিএসসিসি বদ্ধপরিকর। নতুন বছরে মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

সকাল ৮টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলে দুপুর পর্যন্ত। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই আয়োজনে ডিএসসিসি পরিচালিত ১২টি সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। লোকজ ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে অনুষ্ঠানস্থল পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়।