জাতীয়

দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দুই জাহাজ চট্টগ্রামে: চিফ হুইপ

চট্টগ্রাম বন্দরে দুই লাখ মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে দুটি জাহাজ নোঙর করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

তিনি বলেন, দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ থাকার খবর যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি এই ইতিবাচক তথ্যটিও গণমাধ্যমে আসা উচিত ছিল।

আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের বিরতিতে সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, গণমাধ্যমের দায়িত্ব শুধু সমস্যার দিক তুলে ধরা নয়, ইতিবাচক দিকগুলোও জনগণের সামনে তুলে ধরা। এতে দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে একটি ভারসাম্যপূর্ণ ধারণা পাওয়া যায়।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। গণতন্ত্র সুসংহত করা, মানবিক রাষ্ট্র গঠন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে বিচারব্যবস্থা শক্তিশালী করতেও সরকার কাজ করছে।

কর্মসংস্থান প্রসঙ্গে চিফ হুইপ বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বহুভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে কাজের জন্য আরবি, চীনে মান্দারিন, ইতালিতে ইতালীয়, কোরিয়ায় কোরিয়ান এবং জাপানে কাজের জন্য জাপানি ভাষা শেখার প্রয়োজনীয়তার কথাও এ সময় তিনি তুলে ধরেন। 

পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ বিষয়ে একটি সমন্বিত নির্দেশিকা প্রণয়নে শিক্ষামন্ত্রী কাজ করছেন বলেও জানান তিনি।

সংবিধান সংশোধন নিয়ে তিনি বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে একটি ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, গণতন্ত্রকে আরও সুপ্রতিষ্ঠিত করতে পার্লামেন্টে আলোচনা ও সমালোচনার মাধ্যমেই একটি সমন্বিত প্রস্তাব আনা হবে।

চিফ হুইপ বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।