জাতীয়

বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে সংসদে আখতারের প্রশ্ন

বার কাউন্সিল নির্বাচন হঠাৎ স্থগিতের সিদ্ধান্ত নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি প্রশ্ন করেন, এটি কি সত্যিই জ্বালানি সংকটের কারণে, নাকি একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণের প্রচেষ্টা?

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আখতার হোসেন বলেন, আগামি ১৯ মে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা ছিল। কিন্তু গতকাল মধ্যরাতে হঠাৎ করে তা স্থগিত করা হলো। সংসদে একদিকে জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে, অন্যদিকে সেই সংকট দেখিয়েই একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নির্বাচন বন্ধ রাখা হচ্ছে। এখানে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।

তিনি বলেন, বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, যেখানে নিয়ম অনুযায়ী তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা। বিশেষ পরিস্থিতি যেমন মহামারি বা বড় ধরনের দুর্যোগ ছাড়া নির্বাচন পেছানোর সুযোগ নেই। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে নির্বাচন না দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা এখনো বহাল রয়েছে।

আখতার বলেন, কোনো মহামারি বা জরুরি অবস্থা ছাড়াই নির্বাচন না দিয়ে কমিটি চালিয়ে যাওয়া হয়েছে। পরে গণতান্ত্রিক ধারায় ফেরার কথা বলে ১৯ মে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু আবারও সেটি স্থগিত করা হলো। এটি উদ্বেগজনক।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, বিষয়টি কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করতে লিখিত নোটিশ দিলে তা রেকর্ডে রাখা হবে।

এর জবাবে আখতার হোসেন বলেন, তিনি নোটিশ দেবেন। তবে যেহেতু অধিবেশনে জ্বালানি ও আইনমন্ত্রী উপস্থিত আছেন, স্পিকার চাইলে তাদের কাছ থেকেই তাৎক্ষণিক ব্যাখ্যা নেওয়া যেতে পারে।