জাতীয়

‘জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পদক্ষেপ নিচ্ছে সরকার’

দেশে সাম্প্রতিক জ্বালানি সংকট ও সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

তিনি বলেন, “জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।”

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বাজারে কিছু ক্ষেত্রে অস্থিরতা ও ব্যবসায়িক আচরণের কারণে জ্বালানি বিতরণে সাময়িক সমস্যা তৈরি হচ্ছে। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরো বলেন, “বিদ্যুৎ খাতের বড় প্রকল্প বাস্তবায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারি সহায়তা জোরদার করা হবে, যাতে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।”

আলোচিত বিষয়গুলো পর্যালোচনা করে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। কমিটিকে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়ন শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।