জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে পৌঁছেছে। দীর্ঘ সময় ধরে পাম্পে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না। এর মধ্যেই নতুন করে দাম বাড়ায় ক্ষোভ আরো তীব্র হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে ঢাকার নীলক্ষেত, শাহবাগ, তেজগাঁও, আসাদগেটসহ গুরুত্বপূর্ণ পাম্পগুলো ঘুরে দেখা যায়, জ্বালানির জন্য মোটটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও বাসের দীর্ঘ লাইন। অনেকে রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছেন।
নীলক্ষেত মোড়ে পথের বন্ধু ফিলিং স্টেশনের ভিআইপি পরিবহনের বাসের জন্য জ্বালানি নিতে অপেক্ষা করছে চালক মুরাদ হোসেন। ক্ষোভ প্রকাশ করে তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, "ঘণ্টার পর ঘণ্টা এই পাম্পের লাইনে বসে আছি। একে তো তেলের দাম বাড়ল, তার ওপর তেল পাওয়াই যাচ্ছে না। মালিকের ভাড়া মারব নাকি লাইনে বসে থাকব? তেলের দাম বাড়লে আমাদের ইনকাম কমে, আর এই লাইনের কারণে আমাদের পেটে লাথি পড়ছে। এই যন্ত্রণা দেখার কী কেউ নেই।”
শাহবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টার ফিলিং স্টেশনে তেলের জন্য লাইনে অপেক্ষা করছিলেন অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং চালক গাজী আলাউদ্দিন।
তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “তেলের দাম যখন বাড়ে, তখন আমাদের লাভ অর্ধেক হয়ে যায়। এখন লাইনে দাঁড়িয়ে থাকা মানে আমার দিনের অর্ধেক শেষ। দিনভর রোদে পুড়ে যতটুকু কামাই করি, তার বড় অংশই যদি তেলের পেছনে চলে যায়, তবে সন্তানদের মুখে খাবার তুলে দেব কীভাবে? এখন দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমাদের ওপর। পাম্পে দীর্ঘ লাইন আর জ্বালানির দাম বৃদ্ধি, এই দুই চিন্তায় এখন জীবন ঘুড়পাক খাচ্ছে।”
তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশনের নিজের ব্যক্তিগত গাড়ির জন্য জ্বালানি নিতে অপেক্ষা করছেন ব্যবসায়ী ওয়ালিউল্লাহ মোল্লা। তিনি বলেন,“এভাবে আর চলতে পারে না। দিনের পর দিন দীর্ঘ লাইন ধরে জ্বালানি নিতে হচ্ছে। এতে আমাদের মূল্যবান কর্ম ঘণ্টা নষ্ট হচ্ছে। এরমধ্যে আবার গতকাল জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। এর প্রভাব পড়বে মানুষের জীবনের প্রয়োজনীয় সকল পণ্যের ওপর। সরকারের উচিত এখনই পদক্ষেপ নেওয়া।”
গতকাল ১৮ এপ্রিল রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।
দামে নতুন সমন্বয় অনুসারে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
দাম বৃদ্ধির আগে অকটেনের দাম ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা ছিল। নতুন দাম অনুযায়ী, অকটেন বেড়েছে ২০ টাকা, পেট্রল ১৯ টাকা, ডিজেল ১৫ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বেড়েছে।