দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের মজুত বা সরবরাহে সমস্যা নেই। তাঁর ভাষ্য, মূল সমস্যা হচ্ছে হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা আর মানুষের ভীতি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, “গত ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত আছে। জ্বালানি তেলের মজুত বা সরবরাহে সমস্যা নেই। বড় সমস্যা হচ্ছে চাহিদা ও আতঙ্ক।”
সরকারের ব্যাংকঋণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, দুই মাসে সরকার ব্যাংক থেকে ৭৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এর প্রভাব জনগণের ওপর পড়লেও এখনো রেড জোনে যায়নি। সরকার ঋণ নিলে সেটা জনকল্যাণেই নেওয়া হয় যোগ করেন তিনি।
ফুটপাতের হকারদের জন্য নগরের ৮টি স্থানে নৈশবাজার করার চিন্তা করছে সরকার। পহেলা বৈশাখ নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান ডা. জাহেদ। বলেন, “শুধু বাংলাদেশ নয়, মিয়ানমার, কম্বোডিয়া ও ভারতের দক্ষিণাঞ্চলসহ কয়েকটি দেশের সঙ্গে আঞ্চলিকভাবে নববর্ষ উদযাপন করা যায় কি না, আগামী বৈশাখের আগেই সে পরিকল্পনা নেওয়া হবে। পুরো বৈশাখ মাসজুড়েই নানা অনুষ্ঠান আয়োজনের চিন্তা রয়েছে প্রধানমন্ত্রীর।”