জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে পরিপত্র জারি

সরকার প্রতিবছর ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  হিসেবে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে দিবসটিকে সরকার নির্ধারিত গুরুত্বপূর্ণ দিবসগুলোর মধ্যে সর্বোচ্চ গুরুত্বের ‘ক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি সংশোধিত পরিপত্র জারি করে। 

এতে বলা হয়, ৭ নভেম্বরকে এখন থেকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালন করতে হবে। এর আগে গত ১১ মার্চ প্রকাশিত দিবসসংক্রান্ত পরিপত্রে এ দিবসটির উল্লেখ ছিল না; নতুন সংশোধনের মাধ্যমে সেটি তালিকায় যুক্ত করা হয়েছে।

পরিপত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

ঐতিহাসিকভাবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ১৯৭৫ সালের সিপাহী-জনতার অভ্যুত্থানের স্মরণে পালিত হয়ে আসছে। ওই ঘটনার প্রেক্ষাপটে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান এবং পরবর্তী সময়ে রাষ্ট্রক্ষমতায় আসেন। তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপির শাসনামলে দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হতো।