জাতীয়

ডিএমপি ও ওয়াসার আওতায় পূর্বাচল

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা ওয়াসার অন্তর্ভুক্ত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় প্রস্তাবটি উপস্থাপন করে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূর্বাচল প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বাচল এলাকা তিনটি জেলায় পড়ায় পুলিশি সেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করা যাচ্ছিল না। ঢাকা সিটি করপোরেশনের বাইরে থাকায় ওয়াসার সেবাও মিলছিল না। এখন ডিএনসিসির আওতায় আসায় জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা-ড্রেন নির্মাণ, সড়কবাতি ও মশক নিয়ন্ত্রণের মতো সেবা মিলবে। ডিএমপির আওতায় আসায় আইনশৃঙ্খলা সেবা এবং ওয়াসার অধীনে আসায় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত হবে।

সুষ্ঠু প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।