জাতীয়

এলডিসি উত্তরণ পেছাতে সুইস সমর্থন চাইলেন বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর পেছাতে সুইজারল্যান্ডের সমর্থন চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে ওষুধ, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল ও শিপ বিল্ডিংয়ের মতো সম্ভাবনাময় খাতে সুইস বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (২৬ এপ্রিল) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগ্লির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী।

বৈঠকে মন্ত্রী বলেন, “সুইস পণ্যের উচ্চ গুণগতমান সম্পর্কে বাংলাদেশের মানুষ অবহিত। দাম প্রতিযোগিতামূলক হলে মধ্যবিত্ত শ্রেণির বড় অংশকে গ্রাহক হিসেবে পাবে সুইজারল্যান্ড। সার্ভিস ওরিয়েন্টেড খাতে বিনিয়োগ বাড়ালে দুই দেশেরই লাভ হবে।”

তিনি বলেন, “সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে নানা পদক্ষেপ নিয়েছে। জিএসপি সুবিধায় বাংলাদেশ এখন সুইস বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে যোগাযোগ বাড়ালে বাণিজ্যের পরিমাণ আরো বাড়ানো সম্ভব।”