জাতীয়

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়াও জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা প্রয়োজন। এ ক্ষেত্রে সব দেশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

তিনি সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

তথ্যমন্ত্রী জানান, সরকার গণমাধ্যমের বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। এসব বৈঠক থেকে পাওয়া প্রস্তাব পর্যালোচনা করে একটি রোডম্যাপ তৈরি করা হবে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান তিনি।

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা বৈঠকে তথ্যমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরেন এবং এর সুষ্ঠু বিচারের আশা প্রকাশ করেন। জবাবে দূতাবাসের প্রতিনিধিদল মন্ত্রীকে জানায়, হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের বিশেষায়িত বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দিয়ে থাকে, যার মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে।

বৈঠকে দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।