জ্বালানির তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন বাসভাড়ার তালিকা প্রকাশ করেছে। তবে, সবাই তা মানছেন না। বিভিন্ন রুটের দূরপাল্লার অধিকাংশ বাস নির্ধারিত ভাড়া নিলেও কিছু কিছু রুটে বাড়তি ভাড়ার আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর কল্যাণপুর ও গাবতলী বাসস্ট্যান্ডে যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
গাবতলী বাসস্ট্যান্ড থেকে রংপুর রুটে নিয়মিত চলাচল করা নাবিল পরবিহনের যাত্রী আব্দুল্লাহ্ আল মামুন রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “ব্যবসার কাজে প্রায়ই ঢাকায় আসতে হয়। এরা (নাবিল পরিবহন) কোনো বাড়তি ভাড়া চায়নি। আজ আমার কাছ থেকে ৭৫০ টাকা রাখছে। এদের সার্ভিসও ভালো।”
গাবতলী বাসস্ট্যান্ড থেকে মেহেরপুরগামী যাত্রী মো. শাহজাহান খান বলেন, “আমার কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নিয়েছে। এই রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭৭৬ টাকা। আমার কাছ থেকে ৮০০ টাকা নিয়েছে। এ নিয়ে কথা বলায় আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আসলে সরকারের চেষ্টা আছে, কিন্তু পরিবহন শ্রমিকরা অনেক খারাপ। ওরা ওদের খুশিমতো ভাড়া নেয়। আর ঈদের সময় তো কথাই নেই।”
একই টার্মিনালে কথা হয় বেসরকারি চাকরিজীবী রাফাত ইসলাম সঙ্গে। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমি সময় হানিফ এন্টারপ্রাইজের গাড়িতে চলাচল করি। কারণ, ওদের গাড়ির দ্রুত চলে এবং ব্যবস্থাপনা ভালো। আগে যখনই যেতাম, তখন একেক সময় একেক ভাড়া নিতো। তবে, আজ দেখলাম কাউন্টারে নতুন তালিকা ঝোলানো আছে এবং সেই অনুযায়ীই টাকা নিল। সরকারের কঠোর নজরদারি বজায় থাকলে আমাদের মতো সাধারণ মানুষের অনেক সুবিধা হয়।”
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে রাজশাহীগামী শ্যামলী পরিবহনের সুপারভাইজার ইয়ামিন হাওলাদার রাইজিংবিডি ডটকমকে বলেন, “মালিকপক্ষ থেকে আমাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, তালিকার বাইরে এক টাকাও যেন বেশি না নেওয়া হয়। আমরা যাত্রীদের অভিযোগ করার সুযোগ দিতে চাই না। নিয়ম মেনে চলাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”
একই বাসস্ট্যান্ড থেকে ঝিনাইদহ রুটে চলাচল করা এসবি সুপার ডিলাক্সের এক সুপারভাইজার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট দিচ্ছি। আমাদের কোম্পানি থেকে বলা হয়েছে, বাড়তি ভাড়া যেন নেওয়া না হয়।”
যাত্রীদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “কিছু কিছু যাত্রী আছেন, তারা না বুঝেই ঝামেলা করেন। আমাদের কাছে এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পাইনি।”
গত শনিবার (২৫ এপ্রিল) জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সে অনুযায়ী আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসভাড়ার তালিকা প্রকাশ করা হয়।
নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, ঢাকা (সায়েদাবাদ)-চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ভাড়া ৫৫২ টাকা। ঢাকা-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সায়েদাবাদ-সিলেট রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা। সায়েদাবাদ-বরিশাল রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৪৬৪ টাকা, আর ৪০ আসনের বাসে ৫৯২ টাকা। সায়েদাবাদ-খুলনা রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে দীর্ঘ রুট সায়েদাবাদ-টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ভাড়া ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা (গাবতলী)-পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা। ঢাকা (গাবতলী)-রংপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯১১ টাকা। ঢাকা (গাবতলী)-দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসে ভাড়া ১ হাজার ২৪১ টাকা।
ঢাকা (গাবতলী)-ঝিনাইদহ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫০১ টাকা এবং ৪০ আসনের বাসে ভাড়া ৬৩৯ টাকা। ঢাকা (গাবতলী)-রাজশাহী রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭৭৭ টাকা এবং ৪০ আসনের বাসে ভাড়া ৯৯১ টাকা। ঢাকা (গাবতলী)-মেহেরপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭৭৬ টাকা এবং ৪০ আসনের বাসে ভাড়া ৯৮১ টাকা।
ঢাকার মহাখালী থেকে ময়মনসিংহ রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৯৪ টাকা। এই রুটে ৪০ আসনের বাসে ভাড়া পড়বে ৩৭৫ টাকা। মহাখালী থেকে জামালপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৩৮৬ টাকা এবং ৪০ আসনের বাসে ভাড়া পড়বে ৪৯২ টাকা।
ঢাকা (মহাখালী)-শেরপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৪২১ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৩৭ টাকা। ঢাকা (মহাখালী)-কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৪০১ টাকা এবং ৪০ আসনের বাসে ভাড়া ৫১১ টাকা নির্ধারণ করা হয়েছে।