ভোটার নিবন্ধনের ক্ষেত্রে আবেদনকারীর এসএসসি বা সমমানের সনদ থাকলে তা বাধ্যতামূলকভাবে জমা ও ডাটাবেজে সংযুক্ত করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ভোটার নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র যেমন নিবন্ধন ফরম, জন্ম সনদ, পাসপোর্ট ও অন্যান্য প্রমাণপত্রের পাশাপাশি এসএসসি বা সমমানের সনদ (যদি থাকে) অবশ্যই ডাটাবেজে সংযুক্ত করতে হবে। বিশেষ করে জন্মতারিখ যাচাই ও ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে এই সনদের গুরুত্ব রয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, আবেদনকারী যদি মাধ্যমিক বা তার ঊর্ধ্বে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন, তাহলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের তা নিশ্চিত করে এসএসসি সনদ সংযুক্ত করতে হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক বা তার ঊর্ধ্বের ডিগ্রিধারীদের ক্ষেত্রে এসএসসি সনদের পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদও সংরক্ষণ করতে বলা হয়েছে।
এছাড়া মাঠ পর্যায়ে এ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তদারকির জন্য জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মনিটরিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।