জাতীয়

নূন্যতম বেতন ও শ্রমঘণ্টা নির্ধারণে পোশাক শ্রমিক সংগঠনের বিক্ষোভ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ন্যূনতম মজুরি বৃদ্ধি ও ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিতের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন পোশাক শ্রমিক সংগঠন। 

শুক্রবার (১ মে) সকালে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা মিছিল নিয়ে পল্টনে জড়ো হন। সংগঠনগুলোর মধ্যে রয়েছে- জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ, বাংলাদেশ পোশাক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন।

মিছিল শেষে পল্টনে সমাবেশে বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগোর ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবি প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তারা অভিযোগ করেন, দেশে পোশাক খাতে শ্রমিকরা দীর্ঘ সময় কাজ করলেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।

শ্রমিক নেতারা জানান, বর্তমানে নিত্যপণ্যের দাম, বাসাভাড়া, গ্যাস-বিদ্যুৎসহ জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়লেও সে অনুযায়ী শ্রমিকদের আয় বাড়েনি। তারা পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম ২৫ হাজার টাকা মজুরি নির্ধারণ এবং সকল সেক্টরে ৮ ঘণ্টা কর্মঘণ্টা কার্যকর করার দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, অনেক কারখানায় নিয়মিত বেতন-বোনাস পরিশোধ করা হয় না, কর্মস্থলে নিরাপত্তার অভাব রয়েছে এবং শ্রমিক ছাঁটাই ও লে-অফের মাধ্যমে আন্দোলন দমন করা হয়। শ্রমিক হত্যার সুষ্ঠু বিচার এবং হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিও জানান তারা।

সমাবেশ থেকে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, ধর্মঘটের অধিকারসহ শ্রমবান্ধব আইন প্রণয়ন, কর্মস্থলে চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং শ্রমিকদের ওপর নজরদারি বন্ধের আহ্বান জানানো হয়।