জাতীয়

দেশের মানুষের প্রতি আমাদের সেবা হতে হবে নিবেদিত: মন্ত্রিপরিষদ সচিব

সরকারের গৃহীত কর্মসূচিতে সবার আগে মানুষ। দেশের মানুষ এবং তাদের প্রতি আমাদের সেবা হতে হবে নিবেদিত। জেলা প্রশাসকদের উদ্দেশে এ কথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

রবিবার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জেলা প্রশাসন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ১৭৭২ সালে ব্রিটিশ ভারতে প্রথম ‘ডিস্ট্রিক্ট কালেক্টর’ পদ সৃষ্টি হয়। এ কারণে জেলা প্রশাসকের কার্যালয় আজও ‘কালেক্টরেট’ নামে পরিচিত। পরবর্তী সময়ে ফৌজদারি বিচার ক্ষমতা অর্পণ করে ‘ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট’ এবং উন্নয়ন সমন্বয়ের জন্য ‘ডেপুটি কমিশনার’ সত্তা যুক্ত হয়।

তিনি বলেন, সময়ের সঙ্গে জেলা প্রশাসকের দায়িত্ব বহুমাত্রিক হয়েছে। মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে ডিসিরা কাজ করেন। ডিসি সম্মেলন সরকারের নীতি ও কর্মপরিকল্পনা মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম।

ড. নাসিমুল গনি বলেন, আপনারাই মাঠ প্রশাসনের মূল চালিকাশক্তি। সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে আপনাদের ভূমিকা অপরিহার্য।

তিনি জানান, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক এই দর্শনে নারীর মর্যাদা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু হয়েছে। স্বচ্ছতার মাধ্যমে সঠিক উপকারভোগী নির্বাচন ডিসিদের দায়িত্ব।

এ ছাড়া ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, ভিক্ষুসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী বা ভাতার পাইলট প্রকল্প চালু হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের অর্থনৈতিক সহায়তা ও মর্যাদা নিশ্চিত করা হবে।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার জাতীয় দায়িত্ব উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ ও চাহিদা ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে। সরকারি-বেসরকারি দপ্তরে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়িতা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্পদের অপচয় রোধ ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসকদের সময়োপযোগী ভূমিকা রাখতে হবে।

চার দিনব্যাপী এ সম্মেলন চলবে ৬ মে পর্যন্ত। এতে আট বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসকেরা অংশ নিচ্ছেন।