জাতীয়

সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। 

রবিবার (৩ মে) সকালে নাচোল উপজেলার সদর ইউনিয়নের বেনিপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রবিউল আউয়াল জিসান (২২) এবং আজিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ (১৭)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সকালে জিসান ও সোহাগ মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে ধানসুরার দিকে যাচ্ছিলেন। তারা বেনিপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দুজনেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। তারা মোটরসাইকেল নিয়ে ধামসুরা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করে জব্দ করার চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

দুজনের মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন নাচোল থানার ওসি।