যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পাল্টা বাণিজ্য চুক্তি বা এআরটি’ বাস্তবায়ন নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সমালোচনার মধ্যে ঢাকা সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রেন্ডান লিঞ্চ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
মঙ্গলবার (৫ মে) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে জানানো হয়। এর আগে আজ সকালে ঢাকায় পৌঁছান ব্রেন্ডান লিঞ্চ।
সেখানে বলা হয়, উভয় পক্ষ পারস্পরিক বাণিজ্য সহজীকরণ উদ্যোগ, ন্যায্য বাণিজ্যচর্চা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণ এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
এছাড়া, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে নিতে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বলেও উল্লেখ করা হয়।
জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ছাড়া ব্রেন্ডান লিঞ্চ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিভিন্ন সরকারি পর্যায়ে বৈঠক করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি করে। চুক্তিতে ১৩১টি শর্ত রয়েছে, যা বাংলাদেশকে মানতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ছয়টি শর্ত মানতে হবে বলে গণমাধ্যমে খবর এসেছে।
আলোচিত এ বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকার উচ্চ আদালতে গতকাল সেমাবার রিট আবেদন করেছেন এক আইনজীবী।