জাতীয়

সমাজকল্যাণমন্ত্রীর মা বেগম জেবুন্নেছা আর নেই

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। 

বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্র জানায়, বুধবার বাদ আছর ময়মনসিংহ ঈদগাহ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের গুলকিবাড়ি কবরস্থানে স্বামী জাফর আলী সরকারের কবরের পাশে তাকে দাফন করা হবে।

বেগম জেবুন্নেছা পেশায় শিক্ষক ছিলেন। ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। মরহুমা দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শিক্ষার্থী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রতিমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।