জাতীয়

জেলা স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স সংস্কার করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের প্রতিটি জেলার স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স সংস্কার করে খেলার উপযোগী করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, “দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এসব স্থাপনা নষ্ট হচ্ছে। সরকার এখন সেগুলো সচল করার উদ্যোগ নিয়েছে।” 

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “দায়িত্ব নেওয়ার পর জেলা স্টেডিয়ামগুলো মেলার জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। ভবিষ্যতেও মাঠে কোনো মেলা বসতে দেওয়া হবে না। স্টেডিয়ামগুলো শুধু খেলার জন্যই ব্যবহার হবে। এগুলো ঠিক করে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনা হবে।”

তিনি বলেন, “খেলাধুলার পাশাপাশি যুব উন্নয়নে সরকার কাজ করছে। ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন কর্মসংস্থানের প্রকল্প চলছে। ডিসিদের বলা হয়েছে, এসব প্রকল্প যেন দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন হয়।”

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম উদ্বোধন করেছেন। ৬৪ জেলায় একযোগে এই কার্যক্রম চলছে। এর মাধ্যমে সারা দেশ থেকে ব্যাপকভাবে খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।

এ বিষয়ে জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, মাঠগুলো সংস্কার হলে তরুণরা আবার খেলায় ফিরবে। সরকারের এই উদ্যোগকে আমরা সার্বিকভাবে সহায়তা করব।