জাতীয়

পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় ধাপে ধাপে মাঠপর্যায় থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সিলেট অঞ্চলে পাথর আহরণ বিষয়ক  উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে মাঠে রাখা যাবে না। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব নিয়েছে। আমরা পুলিশবাহিনীকে পুরোপুরি সুশৃঙ্খল ও কার্যকর অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। এই আস্থা সরকারের পাশাপাশি জনগণের মধ্যেও তৈরি হয়েছে।”

“এই প্রেক্ষাপটে আমরা মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নিচ্ছি,’ যোগ করেন তিনি। তবে কীভাবে ও কত দিনের মধ্যে প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে বসে ধাপে ধাপে রোডম্যাপ ঠিক করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।  

তিনি আরো বলেন, “সশস্ত্র বাহিনী একটি পেশাদার বাহিনী। দেশের প্রয়োজনে তারা সবসময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। কিন্তু বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এখন সম্পূর্ণভাবে দায়িত্ব নিতে প্রস্তুত। তাই পর্যায়ক্রমে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানো হবে।”

নির্বাচন-পরবর্তী সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ১৫ জানুয়ারি থেকে মাঠ পর্যায়ে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছিল। জেলা ও উপজেলা পর্যায়ে তারা পুলিশ ও বিজিবির সঙ্গে সমন্বয় করে টহল, চেকপোস্ট ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে আসছিল।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মহানগর থেকে আগামী ৩১ মে’র মধ্যে সেনা সদস্যদের প্রত্যাহার করা হবে। দ্বিতীয় ধাপে জেলা সদর এবং তৃতীয় ধাপে উপজেলা পর্যায় থেকে তাদের ফেরানো হবে। পুরো প্রক্রিয়া আগামী ৩০ জুনের মধ্যে শেষ করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে।