জাতীয়

সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন

ভ্রমণবিষয়ক ভিডিও ও ডিজিটাল স্টোরিটেলিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর নির্বাচিত হয়েছেন আবু মোহাম্মদ সালাহউদ্দিন, যিনি দর্শকদের কাছে সালাহউদ্দিন সুমন নামে বেশি পরিচিত।

সম্প্রতি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ) তার হাতে এ সম্মাননা তুলে দেয়। সংগঠনটি দেশের ভ্রমণ লেখক, নির্মাতা ও পর্যটন উদ্যোক্তাদের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

পুরস্কার গ্রহণ শেষে সালাহউদ্দিন সুমন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে  বলেন, “এমন একটি প্ল্যাটফর্ম থেকে সম্মাননা পাওয়া আমার জন্য গৌরবের। এখানে উপস্থিত অভিজ্ঞ ভ্রমণপ্রেমী ও গুণীজনদের গল্প ও কাজ আমাকে অনুপ্রাণিত করে। খ ম হারুন, শাকুর মজিদ, আহসান হাবীব ও জিয়া হকের মতো ব্যক্তিত্বদের সঙ্গে এই সম্মাননা ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত।”

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো এক ভিডিও বার্তায় বিটিডব্লিউএর সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, “গুণী মানুষকে মৃত্যুর পর স্বীকৃতি দেওয়ার প্রবণতা আছে। তবে, আমরা বিশ্বাস করি, মানুষের কাজের মূল্যায়ন তার জীবদ্দশাতেই হওয়া উচিত।”

এবারের আয়োজনে আরো কয়েকটি বিভাগে সম্মাননা দেওয়া হয়। ভ্রমণ সাহিত্যে পুরস্কার পান মাহফুজুর রহমান, অ্যাডভেঞ্চার ভ্রমণে মুনতাসির মামুন, আলোকচিত্রে মোস্তাফিজ মামুন, সৃজনশীল শিল্প নির্দেশনায় আনিসুজ্জামান সোহেল এবং সেরা ভ্রমণবিষয়ক পত্রিকা হিসেবে নির্বাচিত হয় ‘ভ্রমণ গদ্য’।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মাদ সম্পাদক আহসান হাবীব, কনজ্যুমার রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি এএইচএম সফিকুজ্জামান, মিডিয়া ব্যক্তিত্ব খ ম হারুন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল।

বাংলাদেশের পর্যটন খাতে সৃজনশীল কাজকে উৎসাহিত করতে প্রতি দুই বছর অন্তর এ সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছে বিটিডব্লিউএ।