জাতীয়

ঈদযাত্রা: পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির প্রস্তুতি সরকারের

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি দেওয়াসহ নানা প্রস্তুতি নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সোমবার (১১ মে) সচিবালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম মন্ত্রিসভার কিছু সিদ্ধান্ত ও প্রস্তুতির কথা তুলে ধরেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “গার্মেন্টসে তিন দফায় ছুটির বিষয়ে সরকারের দাবি রয়েছে। তারাও (মালিক) রাজি হন; কিন্তু গতবার কার্যকর হয়নি। তারা বলেছেন কিছু কিছু গার্মেন্টসে এমন কার্যাদেশ থাকে, তাদের কাজ করাও জরুরি হয়ে যায়, না হয় অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়।”

“এখনো নিশ্চয়তা দিতে পারছি না, আমাদের দাবি রয়েছে, তারা যেন তিন দিনে অথবা চার দিনে ধাপে ধাপে, যাদের ওই রকম কার্যাদেশ নেই, তারা একটু আগে গেল, এই বিবেচনার জন্য জোরালো দাবি জানিয়েছি। তারাও নিশ্চিত করেছে।”

তবে গতবারও যেহেতু হয়নি, তাই এ নিয়ে শতভাগ নিশ্চিত হওয়ার বিষয়ে আশঙ্কাও আছে বলে জানান মন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক প্রমুখ।