জাতীয়

ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন ঈদুল আজহার ছুটির আগেই পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ ও বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঈদ উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ ও ছুটি প্রদান, সড়ক মহাসড়ক যানজট মুক্ত রাখা ও কোরবানির পশুর হাটের নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে ৭ দিন ও পরে ৭ দিন পুলিশ সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করবে। র‌্যাব, পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ডসহ সব গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ১০২ ও বিআইডব্লিউটিএ ১৬১১৩ সহ সংশ্লিষ্ট দপ্তরের হটলাইন চালু থাকবে।