জাতীয়

সেবা প্রকাশনীর কার্যক্রম স্থগিত ঘোষণা

দেশের সৃজনশীল গ্রন্থ প্রকাশনা প্রতিষ্ঠান ‘সেবা প্রকাশনী’র যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৩ মে) সেবা প্রকাশনীর অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এই অবস্থায় একটি নিরপেক্ষ ও সুষ্ঠু অডিট কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঠক, কর্মচারী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য এই নোটিশ জারি করা হয়েছে। অডিট কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সেবা প্রকাশনী দীর্ঘ সময় ধরে রহস্য, রোমাঞ্চ ও অনুবাদ সাহিত্যের জন্য পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। হঠাৎ প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থগিতের এই ঘোষণায় সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লেখক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেন ১৯৬৩ সালের মে মাসে ঢাকায় এটি প্রতিষ্ঠা করেন।