পরিবেশ সচেতন করতে এবং পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার লক্ষ্যে শিশু-কিশোরদের অংশগ্রহণে গুলশান সোসাইটিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
গুলশান সোসাইটির উদ্যোগে শুক্রবার (১৫ মে) গুলশান-২ এলাকায় অবস্থিত লেকপার্ক এবং পাশের সড়কে এখানকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল ১০ টা থেকে এ কার্যক্রম শুরু হয়। এ ধরনের কার্যক্রমে কোমলমতি শিুশু-কিশোরদেও অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রমটি একটি উৎসবে রূপ নেয়। এ সময় তাদের বাবা-মা এবং শিক্ষকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই আয়োজনের মূল উদ্যোক্তা গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, “এই ধরনের কার্যক্রমে শিশু-কিশোরদের অংশগ্রহণের ফলে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা ও স্বনির্ভরতা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি রাষ্ট্র ও সমাজের প্রতি তাদের দায়িত্ববোধসহ দেশপ্রেম জাগ্রত করবে।”
তিনি আরো বলেন, “এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার ফলে দেখা যাবে এসব শিশু-কিশোর ময়লা-আবর্জনা ফেলার ক্ষেত্রেও সচেতন হবে।”
ওমর সাদাত বলেন, “এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক সচেতনতা তৈরি করা। এই কর্মসূচি দেখে অন্যরা যদি সচেতন হয় এবং নিজ নিজ এলাকায় এ ধরনের উদ্যোগ নেয়, তাহলেই এই প্রচেষ্টা সফল হবে।”