দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকা মূল্যমানের কাগুজে নোট বাজারে ছেড়েছে সরকার।
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইনের এই নোট মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও সরবরাহ করা হবে। অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
নোটের আকার ১৭ মিমি × ৬০ মিমি। সামনের বাঁ পাশে ঢাকার তারা মসজিদের ছবি ও মাঝে শাপলা ফুলের নকশা রয়েছে। পেছনে ছাপা হয়েছে ‘গ্রাফিতি-২০২৪’ এর ছবি।
নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখের জলছাপ, ইলেকট্রোটাইপ ‘৫’, ২ মিমি নিরাপত্তা সুতা এবং মাইক্রোপ্রিন্টে ‘BANGLADESH’ লেখা সংযোজন করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানায়, নতুন নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে।
সংগ্রাহকদের জন্য বিনিময় অযোগ্য স্পেসিমেন নোটও মুদ্রণ করা হয়েছে। এটি বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে পাওয়া যাবে।