জাতীয়

দালাল ঠেকাতে ইসির সামনে উচ্ছেদ অভিযান

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ঘিরে সক্রিয় দালালচক্র প্রতিরোধে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে উচ্ছেদ অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী ফটোকপি ও কম্পিউটার দোকান সরিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টা থেকে শেরেবাংলা নগর থানার পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করে নির্বাচন কমিশন।

ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব সহিদ আব্দুস ছালাম বলেন, “নির্বাচন ভবনের আশপাশে এনআইডি সেবা সংশ্লিষ্ট কোনো দোকান রাখতে না দেওয়ার নির্দেশনা দিয়েছেন ইসির সিনিয়র সচিব। সেই নির্দেশনার আলোকে পুলিশের সহযোগিতায় অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী ফটোকপি ও কম্পিউটার দোকান উচ্ছেদ করা হয়েছে।”

তিনি জানান, এনআইডি সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণার মাধ্যমে দালালচক্র সক্রিয় হয়ে উঠছিল। এসব কার্যক্রম বন্ধ করতেই কঠোর অবস্থান নিয়েছে কমিশন।

জানা গেছে, ইসির মাসিক সমন্বয় সভায় নির্বাচন ভবনের সামনে গড়ে ওঠা এসব দোকানকে কেন্দ্র করে দালালচক্রের তৎপরতার বিষয়টি আলোচনায় আসে। পরে দালালচক্র নির্মূলে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয় কমিশন।