জাতীয়

প্রার্থীর আয়কর ও নির্বাচনী ব্যয়ের তথ্য চেয়ে ইসিকে সুজনের চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের আয়কর বিবরণী ও নির্বাচনী ব্যয়ের তথ্য প্রকাশের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এ বিষয়ে সংগঠনটি গত রোববার (১৭ মে) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে চিঠি পাঠায়।  বুধবার (২০ মে) ইসি সূত্রে বিষয়টি জানা গেছে।

চিঠিতে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার উল্লেখ করেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রার্থীদের সর্বশেষ আয়কর রিটার্ন মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া বাধ্যতামূলক হলেও ইসির ওয়েবসাইটে সব প্রার্থীর তথ্য প্রকাশ করা হয়নি। বিশেষ করে নারী প্রার্থীদের আয়কর তথ্য অনুপস্থিত রয়েছে।

সুজন আরও জানায়, গবেষণার স্বার্থে সব প্রার্থীর আয়কর রিটার্ন ও নির্বাচনী ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা প্রয়োজন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, সুজনের চিঠি পাওয়া গেছে এবং নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়া দল ও প্রার্থীদের ১৩ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।