আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখনো পুরোদমে যাত্রীর চাপ দেখা যায়নি। তবে অনেকে পরিবারের নারী ও শিশুদের আগেভাগে পাঠিয়ে দিচ্ছেন। যাদের বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, তারা নির্বিঘ্নে বাড়ি যাচ্ছেন।
শনিবার (২৩ মে) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল দেখা যায়, ঈদযাত্রার যাত্রীদের চাপ তুলনামূলক কম। কাউন্টারের ম্যানেজাররা বলছেন, আগামী ২৫ মে থেকে অগ্রিম টিকিট বেশি কাটা, সেইদিন থেকে ঈদযাত্রার যাত্রীদের চাপ বাড়বে।
গাবতলী বাস টার্মিনালে পরিবারের সদস্যদের কুষ্টিয়ায় গ্রামের বাড়ি পাঠাতে এসেছেন বেসরকারি চাকরিজীবী সাকিব হাসান। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘‘আজকে বাড়তি চাপ নেই, কাউন্টারগুলোও একদম ফাঁকা। আমাদের অগ্রিম টিকিট কাটা ছিল। এবারের ঈদযাত্রা স্বস্তির হবে বলে আমার ধারণা। প্রতি বছর যদি প্রশাসন আর পরিবহন মালিকরা এভাবে সবকিছু নিয়মের মধ্যে রাখত, তাহলে সাধারণ মানুষের বাড়ি ফেরার আনন্দটা দ্বিগুণ হয়ে যেত।’’
একই ধরনের স্বস্তির কথা জানালেন রংপুরগামী যাত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম শাওন। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘‘আজকে যাত্রীদের চাপ কম। কাউন্টার থেকে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, সেটাই রাখা হচ্ছে। রাস্তায় নাকি এখন পর্যন্ত বড় কোনো জ্যাম নেই শুনলাম। যদি ঠিকঠাক মতো পৌঁছাতে পারি, তবে এবারের ঈদযাত্রাটা মনে রাখার মতো হবে।’’
গাবতলীর সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার মো. অসিফ রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘‘এখন পর্যন্ত যাত্রীদের চাপ নেই। সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট কাটা হচ্ছে।’’
পটুয়াখালীগামী সাকুরা পরিবহনের ম্যানেজার রিপন মিয়া রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘‘অগ্রিম টিকিট দেওয়া ২৫ তারিখ থেকে। এখন যারা যাচ্ছে, তারা সাধারণ যাত্রী। যাত্রীর চাপ আরো দুই-তিন পর বাড়বে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে।’’