ঈদুল আজাহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় সোমবার (২৫ মে) সকাল থেকেই সদরঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড় বেড়েছে। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যেতে ঘাটে আসছেন তারা। পরিবার-পরিজন, শিশু ও মালপত্র নিয়ে লঞ্চেে উঠতে ব্যস্ততা দেখা যায়।
সরেজমিনে সদরঘাট ঘুরে দেখা যায়, কেউ কাঁধে ব্যাগ, কেউ ট্রলি কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্রুত লঞ্চে উঠছেন। ভিড় বাড়লেও বাড়ি ফেরার আনন্দে অনেকের মুখে ছিল স্বস্তির হাসি।
ভোলাগামী রুমানা আক্তার বলেন, “বাচ্চাদের নিয়ে ভিড়ের মধ্যে চলাফেরা কষ্টকর। লঞ্চে কেবিন পেয়েছি, আশা করি ভালোভাবে যেতে পারব।"
বরিশালগামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সিয়াম বলেন, “পদ্মা সেতু হওয়ার পর এত ভিড় আমি আগে দেখিনি।এবার মনে হচ্ছে একটু বেশি ভিড়।”
চাঁদপুরগামী ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, “টানা ছুটি থাকায় সবাই একসঙ্গে বাড়ি ফিরছে। পরিবারের সঙ্গে ঈদ করবো এটাই আনন্দের।"
ভোলা গামী ‘এম.ভি. রহমত’ লঞ্চের ম্যানেজার বোরহান ইসলাম বলেন, “ঈদ উপলক্ষে যাত্রী বেড়েছে। তাদের যাত্রা আরামদায়ক করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।”
বিআইডব্লিউটিএর সদরঘাট লঞ্চ টার্মিনাল নিরাপত্তা কর্মকর্তা সোহেল রানা বলেন, “ছুটি শুরু হওয়ায় সকাল থেকে যাত্রীর চাপ বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী আরো বাড়বে। নিরাপদ যাত্রা নিশ্চিতে প্রতিটি লঞ্চে বাড়তি নজরদারি রাখা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী বহন না করতে লঞ্চ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।”
এদিকে, ঈদুল ফিতরের মতো এবারও সদরঘাটে যাত্রীদের জন্য বিনামূল্যে মালামাল পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের আগে ও পরে মোট ১০ দিন ট্রলির মাধ্যমে যাত্রীদের মালামাল বিনা খরচে লঞ্চ পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে।