জাতীয়

কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর

কুয়েতের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। কূটনৈতিক সংহতি ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ থেকে প্রায় ২৪০ টন জরুরি খাদ্যসামগ্রী একাধিক ফ্লাইটে কুয়েতে পাঠানো হচ্ছে।

রবিবার (২৪ মে) কুয়েতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ’র কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো খাদ্যসামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এ সময় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর একটি শুভেচ্ছা বার্তাও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বার্তায় কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয় এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশ ও কুয়েতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “এ সহায়তা বাংলাদেশ-কুয়েত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”