পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হতেই রাজধানীর অন্যতম প্রধান বাস টার্মিনাল গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। কিন্তু দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাতের জন্য ভোগান্তি পড়েছেন যাত্রীরা।
সোমবার (২৫ মে) বিকেলে গাবতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীদের উপচে পড়া ভিড়। বৃষ্টির কারণে টার্মিনালের সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশুদের।
রংপুরগামী যাত্রী মো. সোহাগ বিশ্বাস বলেন, “আমাদের বাস ছাড়ার কথা ছিল বিকেল তিনটার দিকে। বৃষ্টির জন্য অনেক যাত্রী সময়মত এসে পৌঁছাতে পারেনি।”
ঝিনাইদহগামী যাত্রী নাফিউল আরাফাত শান্ত বলেন, “সবকিছু ঠিকঠাক ছিল। বৃষ্টি এসে ঝামেলা করে দিয়েছে। আজকে মানুষের চাপ বেশি, আর ভ্যাপসা গরমে খুব খারাপ অবস্থা। বৃষ্টির জন্য অনেক যাত্রী সঠিক সময় বাস টার্মিনালে এসে পৌঁছাতে পারেনি, তাই অধিকাংশ গাড়ি সময় মত ছাড়তে পারছে না। এতে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।”
কুষ্টিয়া গ্রামে যাত্রী রাবেয়া বেগম বলেন, “আমি দুইটা বাচ্চা নিয়ে যাচ্ছি। আমাদের অগ্রিম টিকিট কাটা আছে। কিন্তু বাস সময়মতো আসেনি। বৃষ্টির জন্য ভোগান্তি হয়েছে।”
ঈগল পরিবহনের কাউন্টার মাস্টার মোহাম্মদ আলী বলেন, “আজ টার্মিনালে চাপ রয়েছে, কিন্তু বাড়তি বাড়ার কোনো সুযোগ নেই। বৃষ্টির জন্য সামান্য ভোগান্তি হচ্ছে সাধারণ যাত্রীদের।”
হানিফ এন্টারপ্রাইজের এর কাউন্টার মাস্টার মোহসীন হোসেন বলেন, “আজ যাত্রীদের চাপ থাকলেও কোনো ধরনের অসুবিধা নেই। আমাদের বাস নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। হয়তো দুই একটা কোম্পানির বাসের যাত্রীরা ঠিক সময় টার্মিনালে পৌঁছাতে না পারার কারণে দেরি হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে সময় মতই বাস ছাড়া হচ্ছে। এছাড়া আমাদের এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।”