পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান।
জামাতে মুকাব্বির ছিলেন- মসজিদের মুয়াজ্জিন কারি ইসহাক। ঈদ জামাতে অংশ নিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। খুতবা শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি মো. মিজানুর রহমান। এসময় আমিন আমিন ধ্বনিতে হ্রদয়গ্রাহী দৃশ্যের অবতারনা হয়।
প্রথম জামাত শেষে ঈদের কোলাকুলি
এর আগে, বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাতে মুসল্লির ঢল নামে। বৃষ্টির শঙ্কা থাকলেও আকাশে মেঘ, রোদ্দুর সুন্দর আবহাওয়ায় দূর দূরান্ত থেকে মুসল্লিরা এসে প্রথম জামাতে শামিল হন। ঈদের নতুন পোশাক পড়ে শিশু কিশোররা বাবা-দাদার হাত ধরে ঈদ জামাতে অংশ নেন। ছিলেন উল্লেখযোগ্য নারী মুসল্লিও । সুন্দর আবহাওয়ায় শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে মহান আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করেন মুসল্লিরা।
ঈদের পাঁচটি জামাতকে কেন্দ্র করে রাত থেকে বায়তুল মোকাররমে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল থেকে বায়তুল মোকাররম ও আশেপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। নিরাপত্তার খাতিরে মসজিদের প্রবেশমুখে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। সন্দেহভাজন হলে মুসল্লিদের তল্লাশি করে মসজিদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়।
নিরাপত্তা তল্লাশির মধ্যে মুসল্লিরা বায়তুল মোকাররমে প্রবেশ করছেন
প্রতি বছরের ন্যায় এবারও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ুর রহমান খান। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।
সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমিন। সকাল ১০টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।
প্রথম জামাত শেষে মুসল্লিরা বেরিয়ে আসছেন
পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির থাকবেন মো. আমির হোসেন।
পাঁচটি জামাতে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরীয়ান মো. শহিদুল ইসলাম। এছাড়া বিকল্প মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. শামসুল হক।