রাজধানীর ডেমরা এলাকার একটি স্টিল মিলে লোহা গলানোর সময় আকস্মিক বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
রবিবার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশেরপুল জেডএসআরএম (জহির) স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। দগ্ধরা হলেন- সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।
তাদেরকে উদ্ধার করে প্রথমে ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন হোসেন জানান, আজ সকালের দিকে আমরা স্টিল মিলে লোহা গালানোর সময় বয়লারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে গলিত লোহা আশপাশে ছড়িয়ে পড়লে তিনজন দগ্ধ হন। পরে দ্রুত তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সাব্বিরের ৩৫, শতাংশ তোফাজ্জলের ২৩ শতাংশ ও মাজেদ হোসেনের ১ শতাংশ দগ্ধ হয়েছে। মাজেদকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।