জাতীয়

ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় ৬৩ কোটি ৮০ লাখ টাকা

ঈদুল আজহার আগে-পরে ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে মোট ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা। এর মধ্যে পদ্মা সেতুতে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি গাড়ি পার হয়েছে, টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। যমুনা সেতু দিয়ে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি গাড়ি পার হয়েছে, টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

রবিবার (৩১ মে) সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি এবং প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপির প্রত্যক্ষ তত্ত্বাবধানে সমন্বিত ব্যবস্থাপনা করা হয়। সার্বক্ষণিক মনিটরিংয়ের কারণে এবার ঈদযাত্রা ছিল সম্পূর্ণ নিরাপদ, যানজটমুক্ত ও দুর্ঘটনামুক্ত।”

গত বছরের তুলনায় এবার যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। তারপরও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতির কারণে কোথাও দীর্ঘ যানজট বা প্রাণহানির ঘটনা ঘটেনি। এই সফলতা সেতু কর্তৃপক্ষের দক্ষতা ও সক্ষমতারই প্রমাণ।

এই অর্জনের পেছনে পুলিশ বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পরিবহন মালিক সমিতি, কুরবানির পশুবাহী ট্রাকের চালক-শ্রমিক, স্থানীয় সাংবাদিক এবং টোল ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীর নিরলস পরিশ্রম রয়েছে। সেতু কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে।

সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় এবারের ঈদযাত্রা শৃঙ্খলাপূর্ণ ও স্বস্তিদায়ক হয়েছে, এ দাবি করে মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সেতু সচিবের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।