ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদে জানিয়েছেন, গ্রাম এলাকায় ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। একইসঙ্গে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ না দেওয়ার বিষয়ে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিন সম্পূরক প্রশ্নকালে তিনি এ বক্তব্য দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকাল তিনটায় অধিবেশন শুরু হয়।
সংসদে রুমিন ফারহানা বলেন, লোডশেডিং বা রক্ষণাবেক্ষণ যে কোনো কারণেই হোক, গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এটা বাস্তব পরিস্থিতি। আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রী সংসদে বলেছিলেন, পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু হবে। এক মাসের বেশি সময় পার হলেও এখনো সরবরাহ শুরু হয়নি। তিনি কবে নাগাদ গ্যাস সরবরাহ চালু হবে তা জানতে চান।
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, গ্যাসের সীমাবদ্ধতা রয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলো চালু রাখতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ কারণে আশুগঞ্জ সার কারখানায় এখনই সংযোগ দেওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে গ্যাসের নতুন কূপ খনন হয়নি। বর্তমান সরকার ড্রিলিং শুরু করেছে। গ্যাস পাওয়া গেলে আশুগঞ্জসহ অন্যান্য কারখানায় সরবরাহ করা হবে।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে বিষয়টি যাচাই করে নেওয়ার পরামর্শ দেন।