জাতীয়

স্থানীয় নির্বাচনের বিধিমালা চূড়ান্তের আগে দলের মতামত নেবে ইসি

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠানো হবে। পাশাপাশি নাগরিকদের মতামত আহ্বান করে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।

সোমবার (৮ জুন) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, বিধিমালা চূড়ান্ত করার আগে কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হবে এবং গণমাধ্যমের মাধ্যমে জনগণের মতামতও নেওয়া হবে।অতীতেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

কমিশন সভা কবে অনুষ্ঠিত হতে পারে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, সুনির্দিষ্ট তারিখ এখনই বলা সম্ভব নয়। তবে চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহে সভা হতে পারে বলে আশা করা হচ্ছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, কমিশন অনুমোদনের পর তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে।

আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আর দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। সে কারণে বিদ্যমান বিধিমালার সংশ্লিষ্ট অংশে সংশোধন আনা হচ্ছে।

আওয়ামী লীগ বা বিগত সরকারের রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগত নিষেধাজ্ঞা না থাকলে অংশগ্রহণে বাধা নেই। তবে চার্জশিটভুক্ত বা আইন অনুযায়ী অযোগ্য ঘোষিত ব্যক্তিদের ক্ষেত্রে ভিন্ন বিষয় প্রযোজ্য হবে।

আরেক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানোর চিন্তা করা হচ্ছে। বিভিন্ন স্তরের নির্বাচনে ভিন্ন ভিন্ন হারে জামানত নির্ধারণ করা হতে পারে। কোথাও ১ হাজার, কোথাও ৫ হাজার, আবার কোথাও ১০ হাজার টাকা পর্যন্ত জামানতের প্রস্তাব বিবেচনায় রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন কবে হতে পারে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের তফসিল সাধারণত ভোটের ৪৫ দিন আগে ঘোষণা করা হয়। তবে নির্বাচন আয়োজনের বিষয়টি অনেকাংশে স্থানীয় সরকার বিভাগের ওপর নির্ভরশীল। অক্টোবর মাসে নির্বাচন হতে পারে বলে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হলেও এ বিষয়ে এখনো নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক চিঠি আসেনি।