জাতীয়

বজ্রপাতে প্রাণহানি কমাতে প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সরকার বিদ্যমান নীতিমালা আধুনিকায়নের পাশাপাশি বজ্রপাতে প্রাণহানি কমাতে প্রযুক্তিনির্ভর নানা উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো, বন্যা, খরা ও নদীভাঙনের ক্ষয়ক্ষতি কমাতে সরকার দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা-২০১৫ এবং স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার (এসওডি) বাস্তবায়ন করছে। এসব পরিকল্পনাকে আরও যুগোপযোগী করতে এসওডি সংশোধন এবং ২০২৬-২০৩০ মেয়াদের নতুন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

মন্ত্রী জানান, বজ্রপাতপ্রবণ এলাকায় প্রাণহানি কমাতে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে আগাম পূর্বাভাস দিয়ে তা গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং আইভিআর প্রযুক্তির সাহায্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

এছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ, পোস্টার, মহড়া আয়োজন, কৃষক ছাউনি-কাম বজ্রনিরোধক দণ্ড স্থাপন এবং ব্যাপক হারে তালগাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরিতে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতেও সরকার কাজ করছে।